শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২৮ জুলাই ২০২৬ ১০:৪৬ পি.এম
পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
উপকূলীয় জনপদের জীবন, জীবিকা ও বসতভিটা রক্ষায় বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও জিনতলা এলাকার ভাঙন রোধ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে পদ্মা এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যুব নেটওয়ার্ক এক্টিভিস্তা বরগুনা-এর উদ্যোগে এবং নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পরিবেশকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‘প্রতিশ্রুতি নয়, এখনই টেকসই বেড়িবাঁধ চাই—নিরাপদ পাথরঘাটা গড়তে চাই’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সগির আলম। বক্তব্য দেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজমুল হক সেলিম, এনএসএসের প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান, সমাজসেবক মো. মেহেদি হাসান সিকদার, পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খোকন, প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি মো. আমিন সোহেল এবং ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহআলম।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে পদ্মা, রুহিতা ও জিনতলা এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। প্রতিবছর নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে উপকূলীয় এসব এলাকার মানুষের জীবন ও জীবিকা আরও বড় হুমকির মুখে পড়বে।
এনএসএসের প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান বলেন, “বেড়িবাঁধ ভাঙনের কারণে পাথরঘাটার মানুষের জীবন, জীবিকা ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। জনসচেতনতা তৈরির পাশাপাশি এখন প্রয়োজন সরকারের সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। উপকূলের মানুষের ন্যায্য দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”
আয়োজকেরা জানান, এটি কেবল একটি সচেতনতামূলক কর্মসূচি নয়; বরং উপকূলের মানুষের নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার দাবিতে একটি মানবিক উদ্যোগ। অব্যাহত নদীভাঙনে অনেক পরিবার ইতোমধ্যে বসতভিটা ও জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
এক্টিভিস্তা বরগুনার সদস্য মো. সালমান বলেন, “স্থানীয় মানুষের কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে এবং উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”
কর্মসূচি থেকে উপকূলীয় ভাঙনপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
নিরাপদ ও সুপেয় পানির দাবিতে পাথরঘাটায় ব্যতিক্রমী প্রচারাভিযান
বকশীগঞ্জে বন্যার আগাম প্রস্তুতি: জীবন ও সম্পদ রক্ষায় আহছানিয়া মিশনের বিশেষ মহড়া
সানন্দবাড়ী মন্ডলপাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বাড়ীঘর ফসলের জমি বিলীন
পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
জলবায়ু সহনশীল গোষ্ঠী তৈরিতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই
বরিশাল নগরীর অস্তিত্ব রক্ষায় সম্মিলিত ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে মাত্র দুই মিনিটের টর্নেডো! গাছচাপায় বৃদ্ধা নিহত, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত
সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা ২০২৬: প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি
ফরিদপুরের বর্জ্য শোধনাগার মডেল এখন বরিশালে! পরিদর্শনে বিসিসি প্রশাসক।
জামালপুরে ঐতিহ্যবাহী দুরমুঠ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
খুদে বিজ্ঞানীদের দারুণ আবিষ্কার! প্রযুক্তির চমক নিয়ে পাথরঘাটায় শুরু হলো বিজ্ঞান মেলা
মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত
জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত
জামালপুরের সহদর দুই বোন কেকা আর কুহু শিশু নোবেল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছে