শনিবার ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

জেন্ডার বৈষম্য দূর করতে জামালপুরে বিশেষ নারী সমাবেশ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২৫ এপ্রিল ২০২৬ ০৭:৪২ পি.এম

জেন্ডার বৈষম্য দূর করতে জামালপুরে বিশেষ নারী সমাবেশ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত জেন্ডার বৈষম্য দূর করতে জামালপুরে বিশেষ নারী সমাবেশ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুরে জেন্ডার স্টেরিওটাইপ ভাঙা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিশেষ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে ‘দক্ষিণা আড্ডা ঘর এন্ড পার্টি সেন্টার’-এ এই গুরুত্বপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়।
​জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানটি পরিচালিত হয়।

একদিনের এই সেশনে অংশগ্রহণকারী নারীদের মাঝে সামাজিক বৈষম্য দূরীকরণ, নারীর অধিকার রক্ষা এবং নারীর প্রতি সহিংসতা রোধে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বর্তমান সময়ের ডিজিটাল বিশ্বে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া সাক্ষরতা এবং অ্যাডভোকেসি ও ইনফ্লুয়েন্সিং-এর মাধ্যমে তরুণীদের ক্ষমতায়নের বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থা-এর নির্বাহী পরিচালক মোঃ খোরশেদ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমাজে বিদ্যমান কুসংস্কার ও জেন্ডার বৈষম্য দূর করতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন জরুরি। নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সম্মিলিত সামাজিক উদ্যোগের কোনো বিকল্প নেই।

 

​অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খোরশেদ আলম বলেন, এই সেশনের মূল উদ্দেশ্য হলো প্রতিটি তরুণীকে দক্ষ করে তোলা যাতে তারা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হতে পারে। বিশেষ অতিথি সূর্য তোরণ যুব সমাজসেবা সংস্থার উপদেষ্টা মোঃ হারুনুর রশিদ উল্লেখ করেন, এসটিজেএসএস নারীর ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ুথ লিডার জামিলা জান্নাত এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়ুথ লিডার মোঃ রাকিব হোসেন। সমাবেশে দিগপাইত ইউনিয়নের সমাজকর্মী মজনু মিয়াসহ উন্নয়ন দলের সদস্য ও স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের অধীনে দেশজুড়ে মোট ২৫২টি YLO (Youth Led Organization)-এর মাধ্যমে ১২,৬০০ জনের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি সংগঠনের প্রতিনিধিরা অন্তত ৫০ জনের একটি গ্রুপে এই সেশনগুলো পরিচালনা করছেন। সেশন শেষে অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়নের জন্য আধুনিক প্রযুক্তির (QR কোড) মাধ্যমে প্রি-টেস্ট ও পোস্ট টেস্ট সম্পন্ন করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের আলোচনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে একটি জেন্ডার-সংবেদনশীল পরিবেশ তৈরি হবে এবং নারীরা তাদের অধিকার ও নিরাপত্তা সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।


এই সম্পর্কিত আরও খবর