বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

বরিশালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিজয় বারিক, স্টাফ রিপোর্টার ২১ এপ্রিল ২০২৬ ১০:৩৯ এ.এম

বরিশালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী বরিশালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী

বরিশালের ঐতিহাসিক অশ্বিনী কুমার টাউন হলে  উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো "৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং উদ্ভাবননির্ভর 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণের লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় তরুণ বিজ্ঞানীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

 

বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞানের শক্তিতে বলীয়ান হতে হবে। আজকের এই ক্ষুদে উদ্ভাবকরাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দেবে।"

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মো: মোস্তাফিজুর রহমান এবং বরিশালের পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেধার প্রশংসা করেন এবং সৃজনশীল কর্মকাণ্ডে তরুণদের আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, অপরাধমুক্ত ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: খায়রুল আলম সুমন। সমাপনী পর্বে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা বিজয়ী ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা রোবটিক্স, পরিবেশ সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির মতো সমসাময়িক বিষয়ের ওপর তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। উপস্থিত অতিথিবৃন্দ স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করেন। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।


এই সম্পর্কিত আরও খবর