সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

জামালপুরে কৃষক মাঠ দিবস: ভুট্টার সাথে আন্তঃফসল চাষে লাভের নতুন পথ

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৩ এপ্রিল ২০২৬ ০৮:৩৩ পি.এম

জামালপুরে কৃষক মাঠ দিবস জামালপুরে কৃষক মাঠ দিবস

জামালপুর সদর উপজেলার নান্দিনা সংলগ্ন খলিশাকুড়ি গ্রামে কৃষকদের আধুনিক ও লাভজনক চাষাবাদে উৎসাহিত করতে 'কৃষক মাঠ দিবস-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) খলিশাকুড়ি ঈদগাহ মাঠ প্রাঙ্গণে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 'গ্রিন বিজনেস মডেল' এর অধীনে মূলত ভুট্টার সাথে আন্তঃফসল চাষের প্রদর্শনী ও এর সুফল তুলে ধরাই ছিল এই মাঠ দিবসের মূল উদ্দেশ্য। এতে বিভিন্ন উৎপাদক দলের সদস্যরা অংশ নেন। প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি ও মাঠ পর্যায়ে সহযোগিতা প্রদান করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ।

 

 অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. মনির হোসেন ভুঁইয়া। তিনি ভুট্টার সাথে সাথী ফসল হিসেবে অন্য ফসল চাষের মাধ্যমে কীভাবে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, তা কৃষকদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি বলেন, "একই জমিতে স্বল্প খরচে একাধিক ফসল উৎপাদন কৃষকদের জন্য আধুনিক ও স্মার্ট কৃষির একটি অনন্য উদাহরণ।"

 

মাঠ দিবসে আরও বক্তব্য রাখেন বাঁশচড়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহম্মেদ, নরুন্দি কৃষি উপ-সহকারী কর্মকর্তা প্রণয় চন্দ্র পাল এবং শরিফপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান। বক্তারা ভুট্টার ফলন বৃদ্ধির কলাকৌশল এবং রোগবালাই দমনে পরামর্শ প্রদান করেন। এছাড়া পেট্টোকেম (বাংলাদেশ) লিমিটেডের জামালপুর জেলা মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার মো. নুরুজ্জামান উন্নত মানের বীজ ও সারের সঠিক ব্যবহার নিয়ে দিকনির্দেশনা দেন।

 

 জামালপুর সদরের বাঁশচড়া, নরুন্দি এবং শরিফপুর—এই তিনটি ইউনিয়ন থেকে আসা উৎপাদক দলের সদস্যরা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কয়েকজন সফল ভুট্টা চাষি তাদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, আগে তারা এককভাবে একটি ফসল চাষ করতেন, কিন্তু এখন আন্তঃফসল চাষের মাধ্যমে দ্বিগুণ আয়ের সম্ভাবনা দেখছেন।

সমাপনী বক্তব্যে বক্তারা আশা প্রকাশ করেন যে, এ ধরনের মাঠ দিবসের মাধ্যমে কৃষকরা হাতে-কলমে শিক্ষা গ্রহণ করে তাদের জীবনমান উন্নয়ন করতে সক্ষম হবেন।


এই সম্পর্কিত আরও খবর