মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ৩০ আগষ্ট ২০২৬ ১০:২৯ পি.এম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে বরিশালে আবেগঘন পরিবেশে এক বিশেষ আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। "ভালোবাসো মোর গান" শিরোনামের এই স্মারক অনুষ্ঠানটির যৌথ আয়োজন করে বরিশাল নজরুল সাংস্কৃতিক জোট।
রোববার (৩০ আগস্ট / ১৫ ভাদ্র) সন্ধ্যা ৭টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই স্মরণসভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম।
এছাড়াও জাতীয় কবির জীবন, সাহিত্য ও সাম্যবাদী দর্শন নিয়ে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, বরিশাল অঞ্চলের প্রাক্তন পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জাতীয় কবির বর্ণাঢ্য জীবন, অমর সাহিত্যকর্ম ও সমৃদ্ধ সঙ্গীত ভাণ্ডারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, "কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায় ও শোষণের বিরুদ্ধে এক প্রতিবাদের প্রতীক। তাঁর সাম্য, প্রীতি ও চেতনার বাণী আজও আমাদের পথ দেখায়। তরুণ ও নতুন প্রজন্মের মাঝে কবির এই অমর সৃষ্টি ও দর্শন ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।"
আলোচনা সভার দ্বিতীয় পর্বে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নজরুল সাংস্কৃতিক জোট ও স্থানীয় শিল্পীরা কবির কালজয়ী বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন এবং নজরুল গীতি পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। পুরো অনুষ্ঠানটি নজরুল প্রেমীদের এক মিলনমেলায় পরিণত হয়।
বরিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ বার্ষিকী পালিত
অধিকার আদায়ের দাবিতে বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
‘যদি মন কাঁদে, তুমি চলে এসো...’: নুহাশ পল্লীসহ দেশজুড়ে হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণ দিবস পালন
মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: লাভলু সভাপতি, মনির সম্পাদক ও রাব্বি সাংগঠনিক সম্পাদক
সমকালীন বাংলা কবিতা: মাহমুদা আল মুনজাবীর ‘আবার ইচ্ছে হোক’