বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৮ মার্চ ২০২৬ ০১:০৯ পি.এম
জাতীয় পতাকা উত্তোলন
যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে জামালপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুরের জেলা প্রশাসক জনাব মুহাম্মদ ইউসুপ আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন।
জাতীয় সংগীত পরিবেশনের পর কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্কাউট দল অংশগ্রহণ করে। তাদের সুশৃঙ্খল মার্চপাস্ট এবং শারীরিক কসরত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মুহাম্মদ ইউসুপ আলী বলেন, "স্বাধীনতার এই মহিমান্বিত দিনে আমাদের অঙ্গীকার হোক একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়া। বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশ আজ উন্নয়নের পথে ধাবমান।" পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন তাঁর বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।