সানিয়া আক্তার, বরিশাল জেলা প্রতিনিধি ২০ জুন ২০২৬ ১১:২০ পি.এম
বরিশালে আনন্দঘন পরিবেশে জেলা খেলাঘরের সম্মেলন ও শিশু সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত
“আমরা চাই কি শিক্ষা শান্তি, আমরা কারা শান্তির পায়রা”— এই মুখরিত স্লোগান ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হয়েছে বরিশাল জেলা খেলাঘরের সম্মেলন ও শিশু সমাবেশ ২০২৬। ১৯ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে বরিশাল নগরীর ঐতিহাসিক অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজনে বরিশাল জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক কোমলমতি শিশু, খেলাঘরের স্থানীয় সংগঠক, সাংস্কৃতিক কর্মী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন, রঙিন বেলুন ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পুরো অশ্বিনী কুমার হল প্রাঙ্গণ শিশুদের কলকাকলি এবং উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। শিশুদের উদ্দেশ্যে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ। মোবাইল ও যান্ত্রিকতার এই যুগে খেলাঘরের মতো ঐতিহ্যবাহী সংগঠন শিশুদের সৃজনশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিশুদের সুস্থ বিনোদন ও মানসিক বিকাশে খেলাঘরের এই প্রয়াস সত্যি প্রশংসনীয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. শিল্পী কাজী মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শ্রী জীবন কৃষ্ণ দে এবং সাধারণ সম্পাদক রেজাউল কবীর। বক্তারা তাদের বক্তব্যে খেলাঘরের দীর্ঘ গৌরবময় পথচলা এবং দেশব্যাপী শিশুদের অধিকার রক্ষায় সংগঠনের নানা বৈপ্লবিক উদ্যোগ ও ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, শিশুদের অসাম্প্রদায়িক ও বিজ্ঞানমনস্ক চেতনা নিয়ে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করতে খেলাঘর সবসময় কাজ করে যাচ্ছে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান ও আবৃত্তি পরিবেশিত হয়। শিশুদের এই মিলনমেলা শুধু আনন্দই দেয়নি, বরং সুস্থ ধারার সংস্কৃতি চর্চার এক নতুন বার্তা ছড়িয়ে দিয়েছে বরিশালজুড়ে। খেলাঘরের স্থানীয় নেতৃবৃন্দ এই আয়োজন সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বরিশালে আনন্দঘন পরিবেশে জেলা খেলাঘরের সম্মেলন ও শিশু সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত
শেরপুরে হাজং জনগোষ্ঠীর বিলুপ্তপ্রায় নয়া খাওয়া নবান্ন উৎসব অনুষ্ঠিত
দুই যুগ পর জামালপুরে রক ফেস্ট ২.০, মঞ্চ মাতাবেন সাইফ শুভ ও লালন ব্যান্ড
জামালপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়াতে আনন্দ শোভাযাত্রা
প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে বেলস পার্ক সংলগ্ন লেকে দেয়াল নির্মাণের প্রতিবাদে "কালের সাক্ষী আমরাও" শীর্ষক প্রতিবাদী শিশু চিত্রাঙ্কন অনুষ্ঠিত